জাতির কাছে দেওয়া সংস্কারসংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হচ্ছে—এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
বৈঠকে ইইউ প্রতিনিধিরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বর্তমান অগ্রগতি জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও আন্তরিকতার অভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সামনে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।
এ সময় ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের হাতে তুলে দেয়।
নাহিদ ইসলাম আরও জানান, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের দাবিতে এনসিপি সংসদের ভেতরে ও বাইরে সক্রিয় ভূমিকা পালন করবে।
বৈঠকে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবস-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-প্রধান বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।
এনসিপির পক্ষে নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।
এএন