সংসদে কোরআনভিত্তিক আইন প্রণয়নের আহ্বান জামায়াত এমপির

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:৪৬ পিএম

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশের আইনব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান। তিনি বিদ্যমান আইন কাঠামোর পরিবর্তে কোরআনভিত্তিক আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

বুধবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের আইন প্রণয়নের ভিত্তি হওয়া উচিত ধর্মীয় বিধান। সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’-এর উল্লেখ রয়েছে বলেই তিনি মনে করেন, কোরআনের নির্দেশনা অনুসারে আইন প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মবিশ্বাসী হওয়ায় তাদের প্রত্যাশাও সেই দিকেই। কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ন্যায়, কল্যাণ ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে ধর্মীয় বিধান কার্যকর ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে অতীতের সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তারা ধর্মীয় আইন বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, সমাজে অসঙ্গতি ও অপরাধ কমাতে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি প্রস্তাব করেন, সংসদ সদস্যদের মধ্যে যারা মাদ্রাসাশিক্ষিত বা বিভিন্ন মাজহাবের আলেম রয়েছেন, তাদের নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করা যেতে পারে। এই বোর্ড রাষ্ট্রে ইসলামী আইন প্রয়োগের বিষয়ে দিকনির্দেশনা দিতে পারে।

বক্তব্যে তিনি সুদ, ঘুষ, চাঁদাবাজি, মাদক ও সামাজিক অপরাধের কঠোর সমালোচনা করেন এবং এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার কথাও তুলে ধরেন।

স্বাস্থ্য খাতের দুর্বলতা উল্লেখ করে তিনি দেশের হাসপাতালগুলোতে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার দাবি জানান।

রাজনৈতিক প্রসঙ্গেও তিনি বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় তাদের অবস্থান নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে জামায়াতকে ঘিরে বিভিন্ন সমালোচনার জবাব দিয়ে তিনি দাবি করেন, দলটির নামে প্রচারিত অনেক বক্তব্য ভিত্তিহীন।

সংসদে তার এই বক্তব্য আইনব্যবস্থা, রাজনীতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এএন