নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক লাঞ্ছনা, ভাঙচুর ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সংগঠনের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই ঘটনায় সংগঠনের বর্তমান সভাপতির সাংগঠনিক পদ স্থগিত এবং সাবেক এক সভাপতিকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে নোয়াখালী সরকারি কলেজে। জানা যায়, ওইদিন সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন কলেজে দাফতরিক কাজে আসেন। একই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় কলেজ শাখা ছাত্রদলের একটি অংশ হঠাৎ সেখানে প্রবেশ করে শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। শিক্ষকদের খাবার গ্রহণে বাধা দেওয়া এবং অশোভন আচরণের অভিযোগও ওঠে।
ঘটনাস্থলে বাংলা বিভাগের একজন সহযোগী অধ্যাপকের ওপর শারীরিক হামলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন শিক্ষককে হুমকি দেওয়ার কথাও বলা হয়েছে।
ঘটনার পরপরই কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর অবস্থান নেয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন।
এছাড়া বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সাবেক সভাপতি আকবর হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে নোয়াখালী সরকারি কলেজ শিক্ষক পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশ মানববন্ধন কর্মসূচি পালন করে ঘটনার নিন্দা জানায়। সংগঠনের কেন্দ্রীয় এই সিদ্ধান্তকে শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এএন