বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট নতুন করে দেশব্যাপী ছয় দিনের বিভাগীয় কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মে মাস থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত ধাপে ধাপে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এই বিভাগীয় সমাবেশগুলো আয়োজন করা হচ্ছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেট বিভাগে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
দলীয় সূত্র জানায়, প্রতিটি বিভাগীয় শহরে ১১ দলীয় জোটের শরিক সংগঠনগুলোর অংশগ্রহণে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে রাজনৈতিক বক্তব্য, সাংগঠনিক অবস্থান এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হতে পারে।
জোটের নেতারা মনে করছেন, ধারাবাহিক এই কর্মসূচির মাধ্যমে তারা তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক অবস্থান আরও সুসংগঠিত করতে পারবেন।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন সময়কে কেন্দ্র করে মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বাড়াতেই এই ধরনের ধারাবাহিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
এএন