রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট।
বুধবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছে এনসিপি।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন।
সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় পরিদর্শন করান।
এম জি