প্রশ্ন রিজভীর

সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:২৮ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে গুলিবর্ষণ ও রক্তপাত বন্ধ হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন-এভাবে তো ভালো সম্পর্ক হবে না।

রোববার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬-এ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয় উল্লেখ করে রিজভী বলেন, বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে। সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে? গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী সুসম্পর্ক গড়ে তুলতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আপনারা জাতির কাঠামো নির্মাণ করেন। আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। নানা সময় নানা কথা আসতে পারে, আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনাদের পেশার মূল্যায়ন জনগণ করবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখা সব শ্রেণি-পেশার মানুষকে মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের কথাও তুলে ধরে রিজভী বলেন, সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথাও উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, সরকারের কোনো চেষ্টার কমতি নেই। প্রধানমন্ত্রী কোনো ফাঁপা কমিটমেন্ট করেননি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি প্রতিনিয়ত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও পারবো। জনগণ এ রকম নেতৃত্ব চেয়েছে। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই ধারাবাহিকতাই দেশকে এগিয়ে নিয়েছে।

দেশের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, ধূসর মরুভূমি সিঙ্গাপুর যদি এতদূর এগিয়ে যেতে পারে, আমাদের তো নদী-নালার দেশ। আমরা সংস্কার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।

এম জি