ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
সোমবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। পরে বিষয়টি মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক। তাঁর মতে, এই অর্জন শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যাত্রার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ঘটনা।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রাম ও দৃঢ় অবস্থানের মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। জনগণের এই সমর্থনই তাঁর নেতৃত্বের ভিত্তি তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
বার্তায় জিএম কাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই অঞ্চলের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন এবং পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি হলে দুই অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
রাজনৈতিক মহলে জিএম কাদেরের এই শুভেচ্ছা বার্তাকে আঞ্চলিক রাজনৈতিক কূটনীতির একটি অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ–পশ্চিমবঙ্গ সম্পর্ককে কেন্দ্র করে ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হতে পারে বলেও পর্যবেক্ষকদের ধারণা।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায় থেকে একাধিক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।
এএন