আমজনতার তারেক রহমান জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা ও বিতর্কিত মন্তব্য করেন। বৃহস্পতিবার দুপুরে পুরাতন পল্টনের নিজস্ব কার্যালয়ে এক বক্তব্যে দলটিকে ‘ধর্ষণকারী দল’ হিসেবে অভিহিত করে নারী কর্মীদের তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তব্যে তারেক রহমান দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি অভিযোগ করেন, সে সময় রাজাকারের সহযোগিতায় লক্ষ লক্ষ মা-বোন নির্যাতনের শিকার হয়েছিলেন। যুদ্ধকালীন পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল ও কঠোর মন্তব্য করেন।
তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত দেশে নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য ‘বীরাঙ্গনা বোর্ড’ গঠন করতে হয়েছিল। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে মন্তব্য করার পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের নারী হয়ে কীভাবে এই রাজনৈতিক আদর্শকে সমর্থন জানানো সম্ভব।
দলটির অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা বিতর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে বর্তমানেও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা ও রাজনৈতিক সচেতনতার স্বার্থে তিনি এই আহ্বান জানান। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জেএইচআর