নাহিদ ইসলাম

দেশের স্বার্থবিরোধী কোনো নীতি মানবে না জনগণ 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:১২ পিএম

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো পররাষ্ট্রনীতি জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, অতীতে দেশকে ভারতের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল, আর বর্তমান সরকারও যদি অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল হতে চায়, তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

শনিবার রাজধানীর বি এম এ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ক্ষেত্রে কোনো বিদেশি সমঝোতা করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে দেশের পররাষ্ট্রনীতি অবশ্যই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই সংসদকে কার্যকরভাবে পরিচালনা করতে সরকার ব্যর্থ হয়েছে। শুধু প্রচারণা কৌশল দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়; জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সরকারের মূল দায়িত্ব।

দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, বর্তমানে স্বাস্থ্য খাতে গুরুতর সংকট চলছে এবং সরকার তা সামাল দিতে ব্যর্থ হচ্ছে। হাম রোগে কয়েকশ শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে দায় এড়িয়ে না গিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ অবস্থায় জরুরি পরিস্থিতি ঘোষণা করার কথাও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিন্ন নদীগুলোতে ভারতের বিভিন্ন বাঁধের কারণে বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে নতুন চুক্তির মাধ্যমে দেশের পানির অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে পর্যাপ্ত আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তার মতে, জনগণের স্বার্থে এ ধরনের চুক্তির বিষয়বস্তু প্রকাশ্যে আনা উচিত।

এম জি