বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১২:১০ পিএম
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি ডিরেক্টর মি. তাই দায়ে আর্ন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের অগ্রগতি, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়নমূলক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

এএন