শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, কর্মসূচির সময়ের মধ্যেই ঈদুল আজহা পড়তে পারে। এ কারণে কোনো আলোচনা সভা বা সংশ্লিষ্ট আয়োজন নির্ধারিত সময়ের এক-দুই দিন পরে হলেও তাতে সমস্যা হবে না।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা এবং পোস্টার প্রকাশ করবে। এছাড়া ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রিজভী আরও জানান, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় দলের মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
এছাড়া শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় অসহায় মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি জেলা ও মহানগর পর্যায়েও পালন করবে বিএনপি। সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
এম জি