রাজধানীর কামরাঙ্গীচরের আচারওয়ালা ঘাট এলাকায় মিতু আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, পারিবারিক কলহ ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিতু শরীয়তপুরের জাজিরা উপজেলার আজিজ মাদবরের মেয়ে। তিনি মালয়েশিয়া প্রবাসী রনি সরদারের স্ত্রী ছিলেন। কামরাঙ্গীচরের আচারওয়ালা ঘাট এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি। তার সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, এটি ছিল মিতুর দ্বিতীয় বিয়ে। আগের সংসার ভেঙে যাওয়ার পর প্রায় আট মাস আগে প্রবাসী রনি সরদারের সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের ফুফু ডালিয়া বেগম জানান, সম্প্রতি রিয়াজ নামে একটি পোশাক কারখানার মালিকের সঙ্গে মিতুর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে বুঝিয়ে বলেন এবং এ নিয়ে বকাঝকা করেন।
তার ভাষ্য অনুযায়ী, পরিবারের বকাঝকার কথা মিতু মুঠোফোনে রিয়াজকে জানান। একপর্যায়ে রিয়াজই পরিবারের সদস্যদের ফোন করে বলেন, মিতু গলায় ফাঁস দিতে যাচ্ছেন।
খবর পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। পরে জানালা দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মিতুকে দেখতে পান। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি