মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বুধবার বিকেলে মালয়েশিয়া থেকে এক অডিও কলে তিনি এই দোয়া চান।
শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “আছি মোটামুটি। এখনো চিকিৎসার মধ্যে আছি এবং থেরাপি নিচ্ছি। দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন, সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি, তিনি মহান।” দেশে ফেরার বিষয়ে তিনি জানান, পুরোপুরি সুস্থ হলেই দ্রুত দেশে ফিরে আসবেন। বর্তমানে তাঁর খাওয়া-দাওয়া স্বাভাবিক রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
মির্জা আব্বাসের কথা বলার সময় পাশে উপস্থিত তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস জানান, তিনি এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন। এখন তাঁকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং তিনি হাসপাতালেই অবস্থান করছেন।
পারিবারিক ও চিকিৎসকের সূত্র জানায়, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্রুত তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে। অস্ত্রোপচারের পর গত ১৫ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা এক মাস নিবিড় চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন।
পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপি নেওয়ার জন্য গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার বিশেষায়িত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলছে।
জেএইচআর