শিশু রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন এমপি আমির হামজা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:১০ পিএম

রাজধানীর পল্লবী‌তে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত‌্যার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ ক‌রেছেন ইসলা‌মি বক্তা ও কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নের সংসদ সদস‌্য (এম‌পি) আমির হামজা। একই সঙ্গে এই জঘন্য অপরাধে জ‌ড়িত‌দের প্রকা‌শ্যে ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে এ সংক্রান্ত কোরআনের আইন সংস‌দে কার্যকর করার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

দে‌শের প্রচলিত আইনে রামিসা, আছিয়া কিংবা তা‌নিয়ার মতো ভুক্তভোগীদের সঠিক বিচার হ‌বে না উল্লেখ করে আমির হামজা ব‌লেন, এই দে‌শে য‌দি স‌ত্যিই ধর্ষণের অবসান ঘটাতে হয়, তাহ‌লে কোরআনের সুরা আন-নূরের আয়া‌তের আলো‌কে বিচার করা লাগ‌বে। এই আয়াতটি সংস‌দে পাস করে কার্যকর ক‌রে দিন। তাহলে বাংলাদেশে অপরাধপ্রবণতা একেবারেই বন্ধ হ‌য়ে যা‌বে।

কু‌ষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস‌্য আরও বলেন, শুধু মঞ্চে বক্তব‌্য, বিবৃ‌তি কিংবা মানববন্ধন করে ধর্ষণ জীব‌নেও বন্ধ হ‌বে না, য‌দি না কড়া আইনি বিধান দেশে কা‌য়েম করা যায়।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এমপি ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই রা‌মিসা‌কেও নি‌জের মে‌য়ের ম‌তো ম‌নে করুন। রামিসার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়া হতো।

মানবতার শত্রু এই অপরাধীদের বিচার শুধু জেল কিংবা জ‌রিমানা দি‌য়ে সম্ভব নয় উল্লেখ করে তাঁদের প্রকা‌শ্যে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান আমির হামজা।

জেএইচআর