আলাল

একটি দলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০২:১৫ পিএম

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার দাবি, তাদের আচরণ ও ভাষা দেখে অনেক সময় সন্দেহ হয় তারা মাদকাসক্ত কি না।

শনিবার ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’।

আলাল বলেন, গণতন্ত্রে মতভেদ থাকা স্বাভাবিক এবং বিএনপি সব সময়ই সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। তবে একটি রাজনৈতিক দলের তরুণ পর্যায়ের কিছু নেতার ধারাবাহিক আক্রমণাত্মক আচরণ সুস্থ রাজনৈতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে অশালীন ভাষায় সমালোচনা করা হচ্ছে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের ভাষা ও আচরণ দেখে তাদের মধ্যে মাদকাসক্তির প্রভাব আছে কি না-এমন সন্দেহ তৈরি হয়।

একই আলোচনায় দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন আলাল। তার মতে, প্রভাবশালী রাজনৈতিক শক্তির কারণে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।

এছাড়া সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বৃদ্ধির জন্যও মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। সভায় ‘অপরাজেয় বাংলাদেশ’ এর নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম জি