ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘পুরোনো রাজনৈতিক সংস্কৃতি’র পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছেন এবং ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, ঝিনাইদহে নামাজ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে তাদেরই বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা তিনি ‘পুরোনো রাজনৈতিক সংস্কৃতি’ হিসেবে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, যারা হামলা চালিয়েছে তারা সবাই আজ জামিনে, কেউ কেউ এসব নিয়ে হাসবে, নিজেদের শক্তিশালী ভাববে, কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দেশে আবারও ভিন্নমত দমন, হামলাকারীদের প্রশ্রয় দেওয়া এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তারের প্রবণতা দেখা যাচ্ছে। তার ভাষায়, আদালতকেও ধীরে ধীরে রাজনৈতিক সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে।
পোস্টে তিনি বলেন, ঝিনাইদহ থেকে কিছুক্ষণ আগে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ যারা প্রকাশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও তারেক রেজার উপর হামলা চালিয়েছে, তারা সবাই আজ জামিনে বাইরে।
তিনি আরও অভিযোগ করেন, অয়ন রহমানকে গতরাতে ডিবি তুলে নেওয়ার পরও এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। আজ হয়তো এসব দেখে কেউ কেউ হাসবে, তামাশা করবে, নিজেদের খুব শক্তিশালী ভাববে। কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে তাদের দিকেই, যারা ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে।
সব শেষে ক্ষমতাধর সরকারি দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতীয় গ্রেট গোয়িং বিএনপি উইথ ইয়োর প্ল্যান’।
এএন