আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকার প্রশংসা রিজভীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৪:২৪ পিএম

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বর্তমান ভূমিকার সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেছেন, অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো এবং এবারের কোরবানির ঈদে পশুর হাটগুলোতে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে রিজভী বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি কোনো অলৌকিক পরিবর্তন হয় না, এটা বিদেশেও সম্ভব নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কতটা সক্রিয় রয়েছে।"

ঈদুল আজহার বর্জ্য দ্রুত পরিষ্কার করার জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দুপুরের পর থেকে বিকালের মধ্যেই প্রধান সড়কসহ বিভিন্ন মহল্লার বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে, সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বক্তব্যের শেষ অংশে তিনি দেশের সব রাজনৈতিক পক্ষকে চক্রান্তের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পাশাপাশি, আগামীকাল ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকাল ১১টায় মরহুম নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং পরবর্তীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ।

এএন