পাঁচবারের এমপি ও আ.লীগের প্রবীণ নেতা রহমতুল্লাহর প্রয়াণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৩৯ পিএম
আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ। ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক পাঁচবারের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরে তাঁর মৃত্যুর পর সকালেই পরিবারের সদস্যরা মরদেহ বুঝে নেন। রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, হাসপাতাল থেকে মরদেহ সরাসরি বাড্ডার বেরাইদে তাঁর নিজস্ব বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেরাইদ কবরস্থানেই এই প্রবীণ নেতাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এ কে এম রহমতুল্লাহ দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক ক্যারিয়ারে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের ব্যানারে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে তিনি প্রথমবার সংসদে যান। পরবর্তীতে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে বিজয়ী হন।

এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা-১১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন।

এএন