জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রবিউল ইসলাম নয়ন তৃণমূল পর্যায় থেকে সংগঠনে কাজ করে উঠে এসেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তিনি কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় মামলা, গ্রেপ্তার ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, রবিউল ইসলাম নয়ন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এম জি