মির্জা ফখরুল

জামায়াত ক্ষমতায় আসছে বলে হাইপ তুলেছিলো মিডিয়া

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন মিডিয়ায় একটি হাইপ তোলা হয়েছিল যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসছে এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হবে। তবে শেষ পর্যন্ত জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকেই নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার পিআইবি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে বিভিন্ন মিডিয়ায় একটি হাইপ তৈরি করা হয়েছিল যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে যাচ্ছে। তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করবে। এমনকি আমাকেও পরাজিত দেখানো হয়েছিল। কিন্তু জনগণ ভুল সিদ্ধান্ত নেয়নি। তারা তাদের ভোটে বিএনপিকেই নির্বাচিত করেছে।

তিনি বলেন, বিএনপি একটি প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উদার গণতন্ত্রে বিশ্বাস করে। দলটি দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায় এবং কোনো ধরনের বিভাজনের রাজনীতি করতে আগ্রহী নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান কাউকে শত্রু হিসেবে দেখতেন না; বরং সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার নীতি অনুসরণ করতেন। তিনি ভারত বা পাকিস্তান-কোনো বলয়ের রাজনীতি চাননি, বরং বাংলাদেশের স্বকীয় অবস্থান প্রতিষ্ঠার পক্ষে ছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। সে সময় পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি দাবি করেন, জিয়াউর রহমানের অন্যতম বড় অবদান ছিল বাংলাদেশের মানুষের জন্য একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করা। তার হাত ধরেই ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এর ধারণা শক্ত ভিত্তি পায়, যা দেশের স্বাধীন সত্তা ও স্বকীয়তাকে তুলে ধরে।

এম জি