আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটারের দায়িত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ভোট কেবল একটি অধিকার নয়, এটি আল্লাহর কাছে একটি বড় আমানত এবং জবাবদিহিতার জায়গা।
শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। প্রার্থী জিতবে কি জিতবে না সেটি ভোটারের দেখার বিষয় নয়। ভোটারের কাজ হলো নিজের বিবেককে জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো মানুষটিকে ভোট দেওয়া।
তিনি সতর্ক করে বলেন, অনেকেই মনে করেন ভালো মানুষকে ভোট দিয়ে লাভ নেই কারণ তিনি জিতবেন না। এটি একটি ভুল ধারণা। কোনো ভালো মানুষ যদি অল্প ভোটও পান, তবে তা ভবিষ্যতে তাঁর অবস্থান শক্তিশালী করতে সাহায্য করে। পক্ষান্তরে যোগ্য প্রার্থীকে ভোট না দিলে খারাপ মানুষেরা সমাজে আধিপত্য বিস্তারের সুযোগ পায়।
ইসলামি এই স্কলার বলেন, আপনার ভোট দেওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা করা। এমন কাউকে বেছে নিতে হবে যাকে ভোট দিলে দেশের উন্নতি হবে এবং চুরি-ডাকাতি বা দুর্নীতি হবে না। এ ক্ষেত্রে সামান্য অর্থের লোভে পড়ে ভোট নষ্ট না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, যদি কেউ আন্তরিকভাবে যোগ্য প্রার্থীকে খোঁজার চেষ্টা করার পর ভুল ব্যক্তিকে ভোট দিয়ে ফেলেন, তবে সেজন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে না। কিন্তু জেনেশুনে অযোগ্য বা খারাপ মানুষকে ভোট দিলে তার দায়ভার এড়ানো সম্ভব নয়।
সবশেষে তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে মনে করিয়ে দেন যে, আল্লাহ আমানত যথাস্থানে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। তাই ভোটারদের উচিত প্রার্থীর সততা, যোগ্যতা, দেশপ্রেম এবং খোদাভীতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
জেএইচআর