চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী। একই সময়ে সৌদি আরবে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি, সৌদি এয়ারলাইনসের ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করেছে।
সর্বশেষ গত মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা যান।
মারা যাওয়া ১৪ জন হজযাত্রীর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।
হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।
এম জি