পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, তারা মোট ১৫৪টি ফ্লাইটে দেশটিতে যান।
শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি আরবের সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাসের ফ্লাইটগুলোতে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
ফ্লাইট অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন। সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
ব্যবস্থাপনার দিক থেকে দেখা যায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন বাংলাদেশি হজযাত্রী এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। স্থানভিত্তিক হিসেবে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে হজ বুলেটিনে জানানো হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, ঢাকাস্থ সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এম জি