দুই মুসলিম দেশে ঈদুল আজহার তারিখ চূড়ান্ত, বাংলাদেশে কবে?

ধর্ম ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৯:১৩ পিএম

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দেশ দুটি জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) তারা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১৮ মে) থেকে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হবে বলেও জানানো হয়েছে।

এর আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির কর্তৃপক্ষ শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়।

অন্যদিকে, তুরস্ক আগেভাগেই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। দেশটির পূর্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজ মাস শুরু এবং ২৭ মে ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধর্মীয় বিধান অনুযায়ী, সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বব্যাপী মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকেন। সূত্র জানিয়েছে, চাঁদ দেখার পর অধিকাংশ দেশে একই সময়ে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার প্রেক্ষিতে দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

এএন