পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি রোববার রাতেই মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পবিত্র ভূমি।
হজের নিয়ম অনুযায়ী, ৭ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরারা মিনা, আরাফাত ও মুজদালিফায় বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করবেন। এরই অংশ হিসেবে সোমবার মিনায় অবস্থান করছেন আল্লাহর মেহমানরা।
আগামী মঙ্গলবার আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ ও খুতবা। ইসলাম ধর্মে আরাফাতে অবস্থানকে হজের অন্যতম প্রধান রোকন হিসেবে ধরা হয়।
এ বছর বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে ২০ লাখের বেশি মুসলমান হজ পালনে সৌদি আরবে গেছেন। বিপুলসংখ্যক হাজির আগমনে মক্কা ও আশপাশের এলাকা এখন ধর্মীয় আবহে পরিপূর্ণ।
হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পরিবহন, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষ নজর। পাশাপাশি বাংলাদেশ হজ মিশনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও হাজিদের সহায়তায় কাজ করছেন।
হজের প্রথম ধাপে মিনায় অবস্থান করে হাজিরা নামাজ, জিকির, দোয়া ও কোরআন তিলাওয়াতে সময় কাটান। এরপর পর্যায়ক্রমে আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মতো গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।
১২ জিলহজ পর্যন্ত এসব আনুষ্ঠানিকতা চলার পর শেষ হবে এবারের হজ কার্যক্রম।
এএন