তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুক্রবার শেষ হলো হজের সব আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফেরার এই যাত্রা শুরু হচ্ছে। প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদির স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি রওনা করবে। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে হাজিদের স্বদেশে ফেরার এই যাত্রা শুরু হতে যাচ্ছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
এ বছর সৌদি সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ সম্পন্ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সেই সঙ্গে হজযাত্রী পরিবহন সহজ করার লক্ষ্যে এয়ারলাইন্সগুলোর সাথে প্রয়োজনীয় আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী নির্বিঘ্নে সৌদিতে গিয়ে হজ পালন করতে পেরেছেন।
আগামী ১ জুলাই হাজিদের নিয়ে শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
জেএইচআর