পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা।
শনিবার সকালে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন।
সকাল ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী প্রথম ফ্লাইটটি। এর আগে শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় মধ্যরাতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রমের প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। এসব ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।
চলতি বছর বাংলাদেশ থেকে ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজ পালনকালে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাবি, প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ফলে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ করে এখন তারা ধাপে ধাপে দেশে ফিরছেন।
এম জি