পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে নতুন ওমরাহ মৌসুম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন থেকে ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে পারবেন। একই প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিংসহ বিভিন্ন সেবাও গ্রহণ করা যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি আরব। এই ব্যবস্থায় অনুমতি প্রদান, বুকিং, যাচাইকরণ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ (হিজরি ১৪৪৮ সালের ১ শাওয়াল) নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে।
সৌদি আরবের ২০৩০ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবাকে আধুনিক ও সহজতর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক অনুমতি ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, দ্রুত প্রতিক্রিয়া কোডের মাধ্যমে যাচাই এবং পরিবহন ও আবাসন সুবিধার সম্প্রসারণ।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই মৌসুমে আরও বেশি মুসল্লি সহজ, নিরাপদ ও আধুনিক সেবার মাধ্যমে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।
এম জি