গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার কিউইদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এবার সুপার টুয়েলভের শুরুতেই মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। তাতে যেন ফাইনালে হারের প্রতিশোধই তুলল ব্ল্যাক ক্যাপরা।
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে গেল টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তারা ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। বোলিং ব্যর্থতার পর ব্যাট হাতে অজিরা সুবিধা করতে পারেনি। কিউইদের আগুন ঝরা বোলিংয়ে তারা থেমেছে মাত্র ১১১ রানে।
অপরাজিত ৯২* রান আর দুটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১১১ রানে সব উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে প্রতিবেশী দেশটির কাছে এটাই সবচেয়ে বড় হার অ্যারন ফিঞ্চদের।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তারা হারিয়ে ফেলে উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নারকে। ৬ বলে ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হন তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার অ্যারন ফিঞ্চও ১১ বলে ১৩ রান করে আউট হন।
তাদের বিদায়ের পর আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে ইশ সোধির বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল।
এছাড়া ১৮ বলে ২১ রান করেন প্যাট কামিন্স। কিউইদের পক্ষে ২ ওভার ১ বল হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন টিম সাউদি, তিন উইকেট নেন মিচেল সান্টনারও।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ২০১ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে নিউজিল্যান্ডকে ঝোড়ো সূচনা এনে দেন।
৩.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে এসে যায় পঞ্চাশ রান। মাত্র ১৬ বলে ৪২ করা অ্যালানের বিদায়ে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। শিকারী জস হ্যাজেলউড।
এরপর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ২৩ বলে ২৩, গ্লেন ফিলিপস ১২ রানে আউট হন। একপ্রান্ত আগলে রাখা কনওয়ের ব্যাট থেকে আসে ৫৮ বলে ২টি ছক্কা ও ৭টি চারে অপরাজিত ৯২ রানের দুর্দান্ত ইনিংস। শেষ দিকে ১৩ বলে ২ ছক্কায় ২৬ রান করেন জিমি নিশাম। হ্যাজেলউড নিয়েছেন ২ উইকেট, অ্যাডাম জাম্পা নিয়েছেন ১টি।
টিএইচ