নেপালকে ৪-১ গোলে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৬:৫৯ পিএম

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও দুর্দান্ত জয় পেয়েছে। বুধবার চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলে পরাজিত করেছে লাল-সবুজের দল।

বাংলাদেশ দলের জয়ে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সুরভী আকন্দ প্রীতি। বাকি একটি গোল আসে থৈনু মারমার পা থেকে। 

এই জয়ের ফলে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা টুর্নামেন্টে বাংলাদেশের ৪ ম্যাচে পয়েন্ট দাঁড়িয়েছে ৯। প্রথম লেগেও নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল আসে ৩৮ মিনিটে, থৈনু মারমার একক প্রচেষ্টায় নেপালের ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে ১-০ এগিয়ে দেন। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। প্রথমার্ধের যোগ করা সময়ে নেপালের কর্নার থেকে গোল শোধ করে তারা।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ মেয়েরা তাদের কোনো সুযোগ দেননি। ৭৬ মিনিটে প্রীতি তার দ্বিতীয় গোল করেন এবং ৮৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। বাংলাদেশ কোচ গোলরক্ষক ইয়ারজানকে তুলে মেঘলাকে নামালেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে।

আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শিরোপা জিততে হলে বাংলাদেশকে এই ম্যাচটি জিততেই হবে। টুর্নামেন্টের প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

ইএইচ