২৫ বল হাতে রেখেই জিতে গেল ভারত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৫৪ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম স্থানের লড়াইয়ে এবার কোহলি-রোহিতের বদলে নেমেছিলেন গিল ও অভিষেক শর্মা, আর বাবর-রিজওয়ানের পরিবর্তে মাঠে ছিলেন সাইম আইয়ুব ও সালমান আগা। একপেশে লড়াইয়ে ৭ উইকেটে জয় তুলে প্রথমে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত সহজে জয় পায়। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। যদিও গিল মাত্র ১০ রান করেই আউট হন, অভিষেক ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর যাদব ও তিলক ভার্মা ৫৬ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। তিলক ৩১ রান করে ফেরেন। শেষ পর্যন্ত দুবে ও যাদবের দৃঢ় ব্যাটিংয়ে ভারত সহজে ম্যাচ জিতে নেয়।

পাকিস্তান ইনিংস শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় বলেই হার্দিক পান্ডিয়ার শিকার হন সাইম আইয়ুব। এরপর জাসপ্রিত বুমরাহ মোহাম্মদ হারিসকে আউট করেন। ৬ ওভারে পাকিস্তান আসে মাত্র ৪২ রানে। অষ্টম ওভারে অক্ষর প্যাটেল আবারও পাকিস্তানকে চাপের মধ্যে ফেলে। ফখর জামান ১৫ রানে আউট হন।

এরপর পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে দ্রুত ধস নামে। অধিনায়ক সালমান আগা ৩ ও হাসান নেওয়াজ ৫ রান করে আউট হন। কুলদীপ যাদবের স্পিনে মোহাম্মদ নওয়াজও ০ রানে এলবিডব্লিউ। শাহিবজাদা ফারহান ৪৪ বলে ৪০ রানের ইনিংস খেললেও তিনিও শেষ পর্যন্ত আউট হন। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং পাকিস্তানকে ৯ উইকেটে ১২৭ রানে গুটিয়ে দেন।

ভারতের পক্ষে কুলদীপ যাদব ৩টি, জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

ইএইচ