বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
তালিকায় স্থান পেয়েছেন ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর। এর মধ্যে ভাইকিংস একাডেমী থেকে নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠু।
এর আগে ক্লাবগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়ম উল্লেখ করা হয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আজ ভার্চুয়াল বৈঠকের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
নতুন করে কাউন্সিলরশিপ ফিরে পাওয়া ক্লাবগুলো হলো— এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার কাউন্সিলরশিপও চূড়ান্ত তালিকায় অনুমোদন পেয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে।
বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক থাকবেন। এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর রয়েছেন।
ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে একজন পরিচালক নির্বাচিত হবেন ৪৫ জন কাউন্সিলরের ভোটে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।
ইএইচ