সিলেটের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৫০ পিএম

নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের কার্যকর হাফ-সেঞ্চুরিতে সিলেট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে তারা। শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন ১৩০ রানের বিধ্বংসী জুটিই রাজশাহীকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা সিলেট টাইটান্স ৫ উইকেটে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায়। ওপেনার সাইম আইয়ুব ১৫ বলে ২৮ এবং রনি তালুকদার ২৫ বলে ৩৬ রান করে ভালো শুরু এনে দেন। তবে ইনিংসের আসল চমক ছিলেন পারভেজ হোসেন ইমন। 

৩৩ বলে ৬৫ রানের এক অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৫টি ছক্কার মার। তাঁর সঙ্গে আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান যোগ করলে সিলেটের সংগ্রহ দুশো ছুঁইছুঁই হয়। রাজশাহীর পক্ষে সন্দীপ লামিচানে ৩৮ রানে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির হলেও ষষ্ঠ ওভারে খোলস ছেড়ে বের হন নাজমুল হোসেন শান্ত। সাইম আইয়ুবকে টানা তিন চার মেরে শুরু করা সেই ছন্দ তিনি ধরে রাখেন শেষ পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে ড্রপ ক্যাচের কল্যাণে ব্যক্তিগত ১০০ পূর্ণ করেন তিনি। 

শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমও ছিলেন দারুণ ফর্মে, তিনি ৩১ বলে ৫১ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। শান্ত-মুশফিকের ৭১ বলের এই জুটিতেই জয় সহজ হয়ে যায় রাজশাহীর জন্য।

১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। শান্তর এই শতক ও রাজশাহীর বড় জয় টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত করল।

ইএইচ