ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:৫১ পিএম

মোস্তাফিজুর রহমান ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের আবেদনের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

রোববার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে নীতিগতভাবে আপত্তি করছে না। তবে এমন সিদ্ধান্ত কার্যকর করতে টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচিতে কিছু পরিবর্তন আনতে হবে, যা আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে।

উল্লেখ্য যে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ‘সি’তে অবস্থান করছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ নির্ধারিত ছিল।

এর আগে আজ সকালে ঢাকায় এক জরুরি সভা শেষে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারত সফর করবে না। বিসিবির বিবৃতিতে বলা হয়, ভারতে দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানায় যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, আইসিসির এই নমনীয় অবস্থান দুই দেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তজনা নিরসনে একটি মধ্যস্থতার পথ তৈরি করতে পারে।

ইএইচ