নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা: পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৩৮ পিএম

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে টালমাটাল দেশের ক্রিকেট অঙ্গন। আজ বৃহস্পতিবার বনানীতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (COAB) পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। শুধু মৌখিক আশ্বাস নয়, বরং বোর্ড থেকে দাপ্তরিক প্রতিশ্রুতির দাবি তুলেছেন তারা।

সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা শুধুমাত্র একজন পরিচালকের বিতর্কিত মন্তব্য নয়, বরং দেশের ক্রিকেটের সামগ্রিক অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট কারণ তুলে ধরেছেন। কারণগুলো হলো:

১. নাজমুল ইসলামের পদত্যাগ: ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের তাৎক্ষণিক অপসারণ।
২. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট: প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ারিং এবং কাঠামোগত যে সংকট চলছে, তার দ্রুত সমাধান।
৩. নারী ক্রিকেটারদের সুরক্ষা: নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিসিবির রহস্যজনক নীরবতা এবং দায়সারা অবস্থানের তীব্র প্রতিবাদ।
৪. নারী ক্রিকেটের সুযোগ-সুবিধা: নারী ক্রিকেটারদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর করা।
৫. ক্রিকেটারদের সম্মান রক্ষা: জাতীয় ও ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারদের প্রতি বোর্ডের নীতি-নির্ধারকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন।

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, আমরা খেলার জন্য শতভাগ প্রস্তুত। আমরা মাঠেই থাকতে চাই। কিন্তু আমাদের একটাই শর্ত—বিসিবিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এম নাজমুল ইসলাম বোর্ডে থাকবেন না। তিনি পদত্যাগ করলে আমরা আজ থেকেই মাঠে নামব।

তিনি আরও যোগ করেন, "যদি তিনি পদে বহাল থাকেন এবং খেলা শুরু না হয়, তবে সেই খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। এই দায়ভার সম্পূর্ণ বিসিবিকে নিতে হবে।"

আজকের সংবাদ সম্মেলনে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের শীর্ষ তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্রিকেটাররা অভিযোগ করেছেন, বিসিবির অর্থ কমিটির প্রধান যেভাবে ক্রিকেটারদের পিছনে হওয়া খরচকে 'ফেরত চাইছেন না বলে খোটা দিয়েছেন, তা তাদের পেশাদারিত্বে আঘাত হেনেছে।

বিশেষ করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ নিয়ে বিসিবির অবস্থান ক্রিকেটারদের আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। তারা মনে করছেন, বিসিবি প্রশাসন নির্দিষ্ট কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদাকে তুচ্ছ জ্ঞান করছে।

আজ দুপুর ১টা থেকে বিপিএলের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বর্জনের ফলে তা অনিশ্চিত হয়ে পড়েছে। বনানীর এই ঘোষণার পর বিসিবি কার্যালয়ে জরুরি সভায় বসেছেন বোর্ডের শীর্ষ কর্তারা। তবে ক্রিকেটারদের আল্টিমেটাম অনুযায়ী, বিসিবি থেকে কোনো 'অফিশিয়াল ডিক্লেয়ারেশন' না আসা পর্যন্ত তারা ড্রেসিংরুমে ফিরছেন না।

এদিকে, ঢাকা প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগ ক্রিকেটের ক্লাবগুলোও এই আন্দোলনে সংহতি প্রকাশের কথা ভাবছে। যদি দ্রুত কোনো সমাধান না আসে, তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি হতে যাচ্ছে দীর্ঘমেয়াদী এবং নজিরবিহীন এক অচলবস্থা।

সবার নজর এখন বিসিবি সভাপতির দিকে। তিনি কি একজন পরিচালকের পক্ষ নেবেন, নাকি দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থে সমঝোতার পথ বেছে নেবেন—তা এখন দেখার বিষয়।

এএন