টসের পর হাত মেলালেন না ভারত-বাংলাদেশের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:১৩ পিএম
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

শনিবার কুইন্স স্পোর্টস ক্লাবে টসের সময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মহাত্রে এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে কোনো সৌজন্য বিনিময় দেখা যায়নি। টসের সময় দুজন কাছাকাছি দাঁড়ালেও ছিল না কোনো করমর্দন বা শুভেচ্ছা। টস শেষে আয়ুশ মহাত্র সরাসরি আবরারের পাশ দিয়ে হেঁটে চলে যান।

দুই দলের অধিনায়করা ঐতিহ্যগত করমর্দন এড়িয়ে যাওয়ার এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। কূটনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার প্রভাব যে মাঠেও পড়েছে, এই ঘটনা সেটিই স্পষ্ট করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

বৃষ্টির কারণে দেরিতে টস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম উপস্থিত থাকলেও টস করতে আসেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। তিনি টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন, বুলাওয়ের উইকেটের আর্দ্রতা কাজে লাগানোর কথা উল্লেখ করে। ফলে ভারত প্রথমে ব্যাট করতে নামে।

টসের আনুষ্ঠানিক আলোচনায় দুই অধিনায়ক পিচ ও কৌশল নিয়ে স্বাভাবিকভাবেই কথা বলেন। তবে করমর্দন না করার বিষয়টি সবার নজর কাড়ে। ক্রিকেটে এটি বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক উত্তেজনার কারণে এমন ঘটনা দেখা গেছে—বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচগুলোতে।

এবার সেই রেশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আইপিএল ইস্যু, নিরাপত্তা উদ্বেগ এবং ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে মতবিরোধ দুই দেশের সম্পর্ককে উত্তপ্ত করে তুলেছে।

টসের পর জাওয়াদ আবরার বলেন, উইকেট স্যাঁতসেঁতে দেখাচ্ছে। প্রথম ১০–১৫ ওভারে বোলাররা সুবিধা পাবে বলে আমরা আগে বোলিং নিয়েছি। আমাদের প্রস্তুতি ভালো এবং আজ দলে দুই অলরাউন্ডার আছে।

ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে বলেন, আমরাও আগে বোলিং নিতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা নেই। লক্ষ্য বড় না হলে আমরা স্বাচ্ছন্দ্যে তাড়া করতে পারব। আজ দলে কোনো পরিবর্তন নেই।

এএন