আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। ভেন্যু জটিলতার কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সেই বিরতি কাটাতে যাচ্ছে টাইগাররা।
আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হয়েছে। দলে লিটন দাসের অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন, কারণ ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই এই ব্যাটার। তবে দলে জায়গা পাওয়ার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে লিটনকে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে। তিনি বলেন, এ বিষয়ে লিটনকে আলাদা করে রাজি করাতে হয়নি। দলের প্রয়োজনের কথা জানানো হলে তিনি স্বেচ্ছায় তা মেনে নিয়েছেন। কোচের ভাষায়, দলের স্বার্থে যেকোনো দায়িত্ব নিতে লিটন সব সময়ই প্রস্তুত থাকেন।
সিমন্স আরও জানান, উইকেটকিপিং করার পর ওপেনিং বা টপ অর্ডারে ব্যাট করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। পাশাপাশি স্পিন বোলিংয়ের বিপক্ষে লিটন বাংলাদেশের অন্যতম দক্ষ ব্যাটার। তাই মাঝের ওভারগুলোতে তাকে ব্যবহার করলে দল উপকৃত হবে বলে মনে করছেন কোচ। মিডল অর্ডার দীর্ঘদিন ধরে দলের একটি দুর্বল জায়গা হওয়ায় সেখানে লিটনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।
তিনি আরও বলেন, লিটন যেকোনো ব্যাটিং পজিশনে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং বর্তমানে নিজের খেলা নিয়ে বেশ আত্মবিশ্বাসী। দলের প্রয়োজন অনুযায়ী যেকোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত বলেও জানান সিমন্স।
এএন