টাইগারদের বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়, নাহিদের প্রথম ফাইফার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:৪৩ পিএম

মিরপুরে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে কার্যত কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। সিরিজের প্রথম একদিনের ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেন তিনি।

বুধবার শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরু থেকেই নাহিদ রানার গতি ও ধারালো বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। একপর্যায়ে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

নাহিদ রানা মাত্র ১৮ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন। পাকিস্তানের পতন হওয়া প্রথম পাঁচ উইকেটই তুলে নেন এই স্পিডস্টার। জাতীয় দলের হয়ে এটিই তার এখন পর্যন্ত সেরা বোলিং নৈপুণ্য। অন্য একটি উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

পাকিস্তানের হয়ে এই ম্যাচে একদিনের ক্রিকেটে অভিষেক হয় চার খেলোয়াড়ের শাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, আব্দুল সামাদ ও শামলি হুসাইন। তবে আব্দুল সামাদ ছাড়া বাকি তিনজনই নাহিদ রানার শিকার হন।

দশম ওভারের শেষ বলে সাহেবজাদা ফারহানকে আউট করে উইকেট নেওয়া শুরু করেন নাহিদ। এরপর ধারাবাহিকভাবে শামিল হুসেন, মাজ সাদাকাত, পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগাকে ফিরিয়ে দিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

দশম থেকে ১৮তম ওভারের মধ্যে নিজের করা প্রায় প্রতিটি ওভারেই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান ‘চাপাই এক্সপ্রেস’ খ্যাত এই পেসার। তার গতির ঝড়ে মিরপুরে দারুণ এক বোলিং প্রদর্শনী দেখল দর্শকরা।

এএন