শিরোপা জিতেও হার

সেনেগালের বদলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো মরক্কোকে

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:৩৩ পিএম

আফ্রিকান নেশন্স কাপের সেই বিতর্কিত ফাইনালের দুই মাস পর এক নজিরবিহীন ও নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। সংস্থাটি গত আসরে জয়ী সেনেগালের শিরোপা বাতিল করে রানার্সআপ মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশ সময় বুধবার ভোরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিএএফ জানায়, ফাইনাল ম্যাচে সেনেগালের খেলোয়াড় ও কর্মকর্তাদের ‘বর্জনমূলক ও অপেশাদার আচরণের’ দায়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ম্যাচের ফলাফল ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে গণ্য করা হবে।

গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ে পাপ গেয়ির গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে রেফারি ও ভিএআর (VAR) সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মরক্কোর তারকা ব্রাহিম দিয়াসের পেনাল্টি পাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সেনেগালের খেলোয়াড়রা দীর্ঘ সময় খেলা বন্ধ রাখেন এবং মাঠ ত্যাগের উপক্রম করেন। প্রায় ১৭ মিনিট পর খেলা পুনরায় শুরু হলেও উত্তেজনার পারদ কমেনি।

ম্যাচ শেষে সেনেগাল উদযাপনে মাতলেও পুরো পরিস্থিতি নিয়ে সিএএফ-এর কাছে আনুষ্ঠানিক আপিল করে মরক্কো ফুটবল ফেডারেশন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে সিএএফ মরক্কোর পক্ষে রায় প্রদান করে।

এই ঐতিহাসিক রায়ের ফলে ১৯৭৬ সালের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হওয়ার গৌরব অর্জন করল মরক্কো। অন্যদিকে, মাঠের লড়াইয়ে জিতেও শৃঙ্খলাভঙ্গের দায়ে দ্বিতীয় শিরোপাটি হারাতে হলো সেনেগালকে। এই সিদ্ধান্ত বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

জেএইচআর