মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে দুটি গোলই করেছেন রোনান সুলিভান।
মঙ্গলবার মালের জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টায় শুরু হয়। ম্যাচের প্রথমার্ধেই সুলিভানের জোড়া লক্ষ্যভেদে চালকের আসনে বসে বাংলাদেশ। ম্যাচের বাকি সময় পাকিস্তান আক্রমণ চালানোর চেষ্টা করলেও গোল ব্যবধান কমাতে পারেনি। ফলে শেষ পর্যন্ত শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানি যুবাদের।
এবারের আসরে সাতটি দেশ অংশ নিচ্ছে। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মালদ্বীপ যাওয়া বাংলাদেশের যুবারা প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিলো। গ্রুপ পর্বের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৬ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
জেএইচআর