ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের লড়াইকে সামনে রেখে শুক্রবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল।
ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও পরখ করে দেখছেন নির্বাচকরা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্বাবধানে মিরপুরে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।
টানা ক্রিকেটের ধকল কাটিয়ে ক্রিকেটারদের ফিটনেসে ফেরানোর লক্ষ্যেই এই কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, বিপিএল, ইন্ডিপেন্ডেন্স কাপ ও পাকিস্তান সিরিজের ব্যস্ততার কারণে ফিটনেস নিয়ে কাজ করার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তাই প্রথম সপ্তাহটি শুধু ফিটনেস ও ফিল্ডিংয়ের জন্য রাখা হয়েছে, এরপর শুরু হবে মূল স্কিল ট্রেনিং।
এবারের ক্যাম্পে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার এস এম মেহেরব হোসেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করা রুয়েল মিয়া এবং আব্দুল গাফফার সাকলাইনকেও ডাকা হয়েছে।
টাইগার শিবিরে স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। নির্বাচকরা চাইছেন আসন্ন বড় টুর্নামেন্টের আগে একটি শক্তিশালী ব্যাক-আপ গ্রুপ তৈরি করতে। আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল ঢাকায় পা রাখবে। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং শেষ ওয়ানডেটি ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের ফ্লাডলাইটের নিচে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই পূর্ণাঙ্গ সফরের। কোচিং স্টাফদের কড়া নজরদারিতে ক্রিকেটাররা এখন নিজেদের সেরা ছন্দে ফেরার লড়াই চালাচ্ছেন।
জেএইচআর