এশিয়ান গেমস হকি

উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সুযোগ হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:১৭ পিএম

আন্তর্জাতিক হকিতে শক্তিমত্তার বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে চরম হতাশায় ডুবল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ উজবেকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করেছেন আমিরুল-আশরাফুলরা। এই হোঁচটের ফলে সেরা চারে থেকে সরাসরি এশিয়ান গেমসে খেলার প্রাথমিক সুযোগটি হাতছাড়া হলো বাংলাদেশের।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে উজবেকিস্তান। প্রথম কোয়ার্টারের সাত মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় তারা। বিপরীতে গোল শোধ করতে মরিয়া বাংলাদেশ একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হচ্ছিল। অবশেষে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। এরপর আরও কিছু সুযোগ পেলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি আর পায়নি।

গ্রুপ ‘বি’ থেকে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়ের পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্সআপ হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে উজবেকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।

সরাসরি কোয়ালিফাই করতে না পারলেও বাংলাদেশের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখন স্থান নির্ধারণী ম্যাচগুলোতে লড়াই করতে হবে আমিরুলদের। টুর্নামেন্টের সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলেই কেবল মিলবে এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে এমন পয়েন্ট হারানোকে দেশের হকির জন্য বড় বিপর্যয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর