ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মেরি-লুইস এতা। জার্মানির বুন্দেসলিগা ক্লাব ইউনিয়ন বার্লিন তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
শনিবার পয়েন্ট টেবিলের তলানির দল এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারে ইউনিয়ন বার্লিন। এই হারের পরই কোচ স্টিফেন বমগার্টকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে লিগ টেবিলের ১১ নম্বরে থাকলেও ২০২৬ সালে খেলা ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। রেলিগেশন জোন থেকে ১১ পয়েন্ট দূরে থাকলেও দলের টানা এমন ব্যর্থতায় শঙ্কিত বোর্ড। তাই মৌসুমের বাকি ৫ ম্যাচের জন্য দলের হাল ধরার বড় দায়িত্ব দেওয়া হয়েছে মারি-লুইসকে।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি, যা ছিল বুন্দেসলিগায় প্রথম নারী সহকারী কোচ হওয়ার ঘটনা। ২০২৪ সালে নিষেধাজ্ঞার কারণে প্রধান কোচ অনুপস্থিত থাকলে ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে টাচলাইনে দাঁড়িয়ে ইতিহাস গড়েন তিনি।
খেলোয়াড়ি জীবনে জার্মানি নারী যুব দলের হয়ে খেলেছেন মেরি-লুইস এবং টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। বর্তমানে তিনি ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পাওয়ার পর মারি-লুইস বলেন, পয়েন্ট টেবিলের নিচের দিকে ব্যবধান খুব বেশি নয়, তাই বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনো পুরোপুরি নিরাপদ নয়। ক্লাব আমার ওপর যে ভরসা রেখেছে তাতে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, লিগে টিকে থাকার জন্য আমরা প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারব।
এম জি