টাইগারদের ২৪৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:৫০ পিএম

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে দলটি। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবেই করে কিউই ওপেনাররা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি নিক কেলি, ইনিংসের সপ্তম ওভারে শরিফুল ইসলামের আঘাতে ভাঙে তার স্ট্যাম্প।

এরপর হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে দলকে এগিয়ে নেন। দুজনের ৬৪ বলে গড়া ৫০ রানের জুটি নিউজিল্যান্ডকে স্থিতি এনে দেয়। যদিও ইনিংস বড় করতে পারেননি ইয়ং, ৪২ বলে ৩০ রান করে রিশাদ হোসেনের শিকার হন তিনি।

একপ্রান্তে ধৈর্যের সঙ্গে ব্যাট করতে থাকেন নিকোলস। ৬৫ বলে তুলে নেন ফিফটি, কিন্তু শেষ পর্যন্ত ৮৩ বলে ৬৮ রান করে রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হন।

অধিনায়ক টম লাথামও বড় কিছু করতে পারেননি। ১৫ বলে ১৪ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। মোহাম্মদ আব্বাস (১৪) ও জোশ ক্লার্কসন (৮) দ্রুত সাজঘরে ফিরলে রান তোলার গতি কমে যায়।

তবে ডিন ফক্সক্রফট লড়াই চালিয়ে যান। ৫২ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৫৮ বলে ৫৯ রান করে নাহিদ রানার ইয়োর্কারে থামেন তিনি। শেষ দিকে নাথান স্মিথ কিছুটা সমর্থন দিলেও বড় স্কোরে যেতে পারেনি দলটি।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তিনজনই নেন দুটি করে উইকেট। এছাড়া মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

এখন দেখার বিষয়, ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে সিরিজে এগিয়ে যেতে পারে কিনা টাইগাররা।

এম জি