এশিয়ান গেমসের বাছাইপর্বে বাংলাদেশের নারী হকি দলের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:৪০ পিএম

প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই ইতিহাস গড়ল বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জয়ের ফলে এশিয়ান গেমসে খেলার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। খেলার ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। তবে পরের মিনিটেই গোল শোধ করে সমতায় ফেরে উজবেকিস্তান। এরপর ২৪ মিনিটে কনা আক্তারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়া বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ কোয়ার্টারে গোল করে ব্যবধান কমায় উজবেকিস্তান। শেষ ১৪ মিনিট প্রতিপক্ষের ব্যাপক চাপ সামলে দুর্দান্ত রক্ষণভাগের কল্যাণে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

টানা দুই ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করেছিল দলটি। এই বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছাতে পারলে সরাসরি এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে বাংলাদেশ।

জেএইচআর