এনসোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:০০ এএম

লিগে টানা ব্যর্থতার ধাক্কা সামলে এফএ কাপে দারুণ সাফল্য পেয়েছে চেলসি। প্রধান কোচ ছাড়াই সেমিফাইনালে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি।

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারায় চেলসি। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

এই জয়ের ফলে ফাইনালে উঠেছে চেলসি, যেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আগের দিন প্রথম সেমিফাইনালে সাউথ্যাম্পটনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরুতে চেলসি সংগঠিত ফুটবল খেললেও আক্রমণে খুব বেশি ধার দেখাতে পারেনি। তবে ২৩তম মিনিটে পেদ্রো নেতোর ডান দিক থেকে ভেসে আসা ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফের্নান্দেস।

গোল হজমের পর লিডস ইউনাইটেড ম্যাচে ফেরার চেষ্টা চালায়। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে তারা ছিল সক্রিয় এবং একাধিক শট নেয়। কিন্তু গোলের দেখা আর পায়নি।

চেলসির জন্য এই জয় এসেছে কঠিন সময়ের মধ্যে। প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হারার পাশাপাশি কোনো গোল করতে পারেনি দলটি। এমন ব্যর্থতার কারণে চার দিন আগে দায়িত্ব হারান কোচ লিয়াম রোস্যানিও। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্যালাম ম্যাকফারলেন।

এছাড়া চলতি লিগে লিডসের বিপক্ষে জয়হীন থাকার হতাশাও ছিল চেলসির। ডিসেম্বরে ৩-১ গোলে হার এবং পরবর্তীতে ২-২ ড্র করার পর এবার এসে সেই খরা কাটাতে সক্ষম হয়েছে তারা।

২০২২ সালের পর আবারও এফএ কাপের ফাইনালে জায়গা করে নিল চেলসি। আগামী ১৬ মে ওয়েম্বলিতেই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আটবারের চ্যাম্পিয়ন চেলসি ও সাতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি।

এম জি