ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব আর্সেনাল। নিজেদের মাঠে অর্থাৎ হোম ভেন্যুতে আর্সেনালকে আতিথ্য দেবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার (২৯ এপ্রিল) রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ তিনবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে আর্সেনাল একবারই ফাইনালে পৌঁছেছিল, ২০০৬ সালে, তবে সেবারও শিরোপা অধরাই থেকে যায় গানারদের।
চলতি মৌসুমে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপার দৌড়ে এগিয়ে আছে। অন্যদিকে লা লিগায় শিরোপা হাতছাড়া হলেও ইউরোপীয় মঞ্চে অ্যাটলেটিকো মাদ্রিদ দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছে।
কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় অ্যাটলেটিকো। অপরদিকে, আর্সেনাল স্পোর্টিংকে দুই লেগে ১-০ ব্যবধানে পরাজিত করে শেষ চারে পৌঁছায়।
দুই দলের সাম্প্রতিক ফর্ম, ট্যাকটিক্যাল লড়াই এবং শক্তির ভারসাম্য মিলিয়ে ফুটবলবিশ্ব এখন জমজমাট এক সেমিফাইনালের অপেক্ষায়, যেখানে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা অনেকটাই স্পষ্ট।
এম জি