বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাম্প্রতিক ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনকারীরা এই কমিটিকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ মোট সাতজন আইনজীবী এই রিটটি দাখিল করেন।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তিন মাসের জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই বোর্ড ভেঙে নতুন এই কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
নতুন গঠিত এই ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়।
এম জি