দেশের ফুটবলের অন্যতম আইকন মামুনুল ইসলামের বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখল ফর্টিস এফসি। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পেশাদার ফুটবলকে বিদায় জানানো মামুনুলের শেষ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ফর্টিস। দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইল আবাহনী লিমিটেড।
ম্যাচ শুরুর আগে ফর্টিস এফসি অধিনায়ক মামুনুল ইসলামকে সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়রা ‘গার্ড অব অনার’ প্রদান করেন। কিক-অফের প্রথম পাসটি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় তাঁর শেষ লড়াই। ম্যাচের ২৫তম মিনিটে যখন তিনি মাঠ ছাড়েন, তখন গ্যালারি ও মাঠজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। সতীর্থদের আলিঙ্গন আর দর্শকদের করতালিতে সিক্ত হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই কিংবদন্তি মিডফিল্ডার।
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। ম্যাচের চতুর্থ মিনিটেই জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ১১তম মিনিটে ওকাফোর ফর্টিসকে সমতায় ফেরালে ২০তম মিনিটে রহমতগঞ্জকে ফের লিড এনে দেন কোয়াডো অ্যান্ড্রু। তবে এর দুই মিনিট পরেই পা ওমার বাবুর গোলে আবারও সমতায় ফেরে ফর্টিস। বিরতির পর ওমার নিজের দ্বিতীয় গোল করলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফর্টিসের। এই জয়ে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
দিনের অন্য ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে আবাহনী। ৩৯তম মিনিটে এমেকা ওগবাহর গোলে এগিয়ে যাওয়ার পর ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেখ মোরসালিন। এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ওপর শিরোপার চাপ ধরে রাখল আকাশী-নীলরা। অন্যদিকে, পরাজয়ের ফলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব টেবিলের তলানিতেই রয়ে গেল।
জেএইচআর