বিশ্বকাপে আবারও শাকিরা ঝলক, টিজারে প্রকাশে উত্তাল নেট দুনিয়া

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ৮, ২০২৬, ১২:৪৯ পিএম

গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত বিশ্বকাপকে সামনে রেখে অফিসিয়াল গানের নতুন টিজার প্রকাশ করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ১ মিনিট ৭ সেকেন্ডের ওই টিজারে তাকে দেখা যায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করতে।

টিজারে শাকিরার কণ্ঠে শোনা যায় “হিয়ার ইন দিস প্লেস ইউ বিলং” লাইনটি। একই সঙ্গে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়কেও সেখানে ট্যাগ করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে গানের পুরুষ কণ্ঠে তিনিই থাকছেন।

পুরো গানটি প্রকাশ করা হবে আগামী ১৪ মে। টিজার প্রকাশের পর থেকেই নতুন এই বিশ্বকাপ অ্যান্থেম নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে বিশ্বকাপের অফিসিয়াল গানের ইতিহাসে একাধিকবার যুক্ত হয়েছেন শাকিরা। বিশেষ করে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের “ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)” গানটি তাকে বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। গানটি এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

এছাড়া ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে “লা লা লা (ব্রাজিল ২০১৪)” গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। সে আসরের সমাপনী অনুষ্ঠানেও তার পারফরম্যান্স দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। আরও আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও তিনি “হিপস ডোন্ট লাই” গান দিয়ে মঞ্চ মাতিয়েছিলেন।

এবার তিনটি আসর ও ১৬ বছর পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে ফিরছেন এই কলম্বিয়ান তারকা, সঙ্গে যুক্ত হয়েছেন নতুনভাবে বার্না বয়।

এম জি